রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের একটি বিমের ওপর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মৌচাক মোড়সংলগ্ন ফ্লাইওভারের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহজাহানপুর থানার এসআই এস এম রাশেদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফ্লাইওভারের দ্বিতীয় তলার পিলারের পূর্ব পাশের একটি বিমের ওপর থেকে হাত-পা বাঁকানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, “উদ্ধারের সময় ওই নারীর পরনে সবুজ রঙের একটি জামা ও প্যান্ট ছিল। পোশাকগুলো শরীরের সঙ্গে লেগে ছিল। মরদেহটি অর্ধগলিত ছিল এবং শরীর ফুলে গিয়েছিল। তাতে পচন ধরেছিল।”
পুলিশের ভাষ্যমতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।