গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুনরায় হামলার আতঙ্কে থানা ছেড়ে চলে যাচ্ছেন পুলিশ সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে।
সরজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্রসহ সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান-ইজিবাইকে করে চলে যাচ্ছেন। তবে কোথায় যাচ্ছেন সে বিষয়ে কেউ কথা বলতে রাজি হয়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপরিদর্শক (এসআই) জানান, গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় আসে ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) অফিসার ফোর্সের ২০০ জন পুলিশ। তারা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পর থেকে তারা পুনরায় হামলার আতঙ্কে রয়েছে। তবে তারা কেউ পালিয়ে যাচ্ছে না, সবাই গোপালগঞ্জ পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকরা থানা ঘেরাও করে। পরে পুলিশের সাথে দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নিতে গেলে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
পুলিশ তাদের সাথে টিকতে না পেরে একপর্যায়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। তখন গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেয় হামলাকারীরা। তাদের দেওয়া আগুনে আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল, থানার বিভিন্ন কক্ষ, মালামাল পুড়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে ওই থানার আরেকজন কর্মকর্তা বলেন, থানায় পরিদর্শক ৩ জন, অ্যাডিশনাল এসপি দুইজন, এস আই ৭, এএসআই ৭, কনস্টেবল ৩০-৩৫ জন কর্মরত ছিলেন। গত ১৩ নভেম্বর ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) অফিসার ফোর্স ২০০ জন টুঙ্গিপাড়া থানায় আসেন।