চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, ঘটনাস্থলে পুলিশ

চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকায় বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এ ঘটনা ঘটল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, "কে বা কারা বাড়ির নিচতলার “পরিত্যক্ত কক্ষে আগুন লাগিয়েছে, তা এখনো জানা যায়নি। বাড়ির আশপাশে পুলিশের নিয়মিত টহল ছিল। টহলের সময় হঠাৎ নিচের কক্ষে আগুন দেখে পুলিশ সদস্যরা এগিয়ে যান এবং আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।”

ওসি জানান, ভবনটির নিচতলা পরিত্যক্ত থাকায় সেখানে কেউ থাকেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার বাস করে। ঘটনার পর থেকে বাড়িটির আশপাশে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় দুর্বৃত্তরা আগুন দেয়। এ ছাড়া সম্প্রতি দেশের আরও কয়েকটি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তার বাবা ব্যবসায়ী ছিলেন। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে এই বাড়ি করা হয়, যেখানে অধ্যাপক ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে।

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে গ্রামীণ ব্যাংকে হামলার প্রসঙ্গ তোলেন একজন সাংবাদিক। জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, “সহিংসতার সব ঘটনাই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।” তিনি আরও বলেন, “বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে, তবে সেই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।”