নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে একদল যুবক।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্যের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত (শেখ রিফাত) এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। বাড়িতে সামনের গেইটে শামীম ওসমানের ছবি সাটিয়ে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে ও নানা স্লোগান দেয় - ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’।
জামতলা এলাকার নৈশ প্রহরী মো. হারুন অর রশিদ বলেন, “এক দল যুবক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলে উঠে। পরে বাড়ির ভেতরের অংশেও তারা আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেয়।। পরে তারা দ্রুত চলে যান। এদিকে অল্প পরিমাণে বিভিন্ন স্থানে আগুন জ্বলে উঠলেও পরে তা নিভিয়ে ফেলা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, “সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।”
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলা এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়ি এবং উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন এই দুই রাজনৈতিক নেতার বাড়ি ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর করা হয়।