রাতভর কনকনে ঠান্ডা, ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে রাস্তা-ঘাট। সকাল গড়ালেও কাটছে না শীতের প্রকোপ। এর মধ্যে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১২ ডিগ্রির ঘরে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ রেকর্ড হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এর আগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮%। গত বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
রাতভর শীত ও ভোরের ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলেও চালকদের সতর্ক থাকতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যায়। একপর্যায়ে তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এ কারণে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা দেয়।
তিনি বলেন, “গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও বৃহস্পতিবার তা নেমে এসেছে ১২.৪ ডিগ্রিতে। ডিসেম্বরের দিকে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”