গোপালগঞ্জের মুকসুদপুর থানা আগুন দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
এসময় পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পোড়ানো হয়।
এদিন, ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধকারীরা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এছাড়া গোপালগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলোতেও ব্যারিকেড দেওয়া হয়েছে।
প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছে না। শহরের দোকানপাট বন্ধ রয়েছে।
এছাড়া, গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে কোনো নিরাপত্তা চৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।