ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাভারে পাঁচজন, আশুলিয়ায় দু’জন এবং ধামরাইয়ের দুজন রয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “বুধবার রাতে সাভারের দু’টি স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
এছাড়া ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি ককটেল বিস্ফোরণের পর শাহীন (৪০) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের দুজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
অন্যদিকে, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হুদা খান বলেন, “আওয়ামী লীগের দু’জন কর্মী পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”