পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ আপাতত বহাল

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখে হাইকোর্টের দেওয়া আদেশ আপাতত বহাল রয়েছে।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের ওপর কোনো স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আগামী সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ দেবেন আদালত।

এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাষ্ট্রপক্ষের আপিলের বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, জরুরি শুনানির জন্য বেলা ১১টার দিকে স্পেশাল চেম্বার জজের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া হয়েছিল।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিলের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির আইনজীবী কাজী জয়নাল আবেদীন। তিনি জানান, যে বিধিমালার ওপর ভিত্তি করে রিট আবেদনটি করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার এক জরুরি রেজুলেশনের মাধ্যমে সেই নিয়ম পরিবর্তন করেছে, এটিই আপিলের প্রধান যুক্তি।

এছাড়া জনস্বার্থে করা রিট আবেদনটির গ্রহণযোগ্যতা এবং আবেদনকারীর আইনি এখতিয়ার (লোকাস স্ট্যান্ডি) নিয়েও প্রশ্ন তোলেন এই আইনজীবী। তিনি বলেন, যাদের স্বার্থের কথা বলে রিটটি করা হয়েছে, সরাসরি ক্ষতিগ্রস্ত এমন কোনো পরীক্ষার্থী আবেদনটির পক্ষ নন বরং জনস্বার্থের রিটের অপব্যবহার করা হচ্ছে।

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রসঙ্গ টেনে কাজী জয়নাল আবেদীন বলেন, দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। গুটিকয়েক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিজস্ব নিয়ম এবং উচ্চশিক্ষায় ভর্তির অপেক্ষায় থাকা বৃহত্তর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করা সমীচীন নয়। বিষয়টি প্রশাসনিকভাবেও সমাধানযোগ্য ছিল বলে তিনি মন্তব্য করেন।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন। আদেশে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। মাত্র সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি পত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর এই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে পুরো ভর্তি প্রক্রিয়া নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।