প্রধানমন্ত্রী: ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে

দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আসুন, সবাই মিলে সেই সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে নিজেদের আবারও চব্বিশের মতো প্রস্তুত করি। আজ আমি সেই প্রস্তুতির আহ্বান জানাচ্ছি। ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্তের ওপারে পালিয়ে গেলেও একটি সন্ত্রাসী গোষ্ঠী দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”

তিনি আরও বলেন, “গত কয়েক দিনে দেখেছেন, পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।”

সীমান্তের ওপারে প্রভুদের খুশি করতে ওই গোষ্ঠী বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা যখন খাল পুনঃখনন করছি, আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। যে দেশে তারা পালিয়ে গেছে, সীমান্তের ওপারে, তারা তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করতেই তারা ষড়যন্ত্র করছে।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আর গুম-খুন বা ভোট দখলের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ক্ষমতা ধরে রাখার জন্য শেষ সময়ে তারা ৬০ শিশুসহ ১৪০০ মানুষকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও দেশের মানুষের প্রতি তাদের কোনো কর্তব্য নেই।”

মানুষ এখন নিজেদের ও দেশের নিরাপত্তা, শক্তি ও অগ্রগতি চায় বলেও উল্লেখ করেন তিনি।

যথেষ্ট হয়েছে, আর নয়

প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসী গোষ্ঠীর রাজনীতির জবাব হতে হবে স্পষ্ট, ‘যথেষ্ট হয়েছে, আর নয়’। মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম ও খুনের রাজনীতি চায় না। আমরা খাল পুনঃখনন, শিল্পকারখানা গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি চাই।”

তারেক রহমান জানান, সরকার কৃষি উৎপাদন বাড়াতে, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করতে চায়।

এ সময় তিনি সরকারের বিভিন্ন অগ্রাধিকারের কথা তুলে ধরেন, যার মধ্যে মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি এগিয়ে নেওয়া।

প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের জন্য ভাতা, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং বিদেশে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগসহ সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ রাতের ভোট, ভোট কারচুপি ও ডামি নির্বাচনের ব্যবস্থা ফিরে পেতে চায় না।

এর আগে, খালের পাড়ে কোদাল দিয়ে মাটি কেটে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি খালে মাছের পোনা অবমুক্ত করেন এবং খালের পাড়ে একটি গাছের চারা রোপণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় বিএনপির হাজারো নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে দিনের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেন।