দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের নামে ভুয়া আবেদন ও জাল নথিপত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী পরিচালক ও প্রকাশক তারিন হোসেন। তিনি স্পষ্ট করেছেন যে, প্রকাশক পরিবর্তনের আবেদন জানিয়ে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে তিনি কোনো আবেদন জমা দেননি, কোনো নথিতে স্বাক্ষর করেননি কিংবা এ বিষয়ে কাউকে কোনো ধরনের অনুমোদনও দেননি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতি ও প্রতিবাদলিপিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তারিন হোসেনের নাম ব্যবহার করে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে যে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও জাল। ওই কথিত আবেদনের ভিত্তিতে প্রকাশক পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা আইনগত ও প্রশাসনিকভাবে সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশক পরিবর্তনের কথিত এই প্রক্রিয়া সম্পর্কে ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পত্রিকাটির সম্পাদক তাসমিমা হোসেন কোনোভাবেই অবগত নন। পরিচালনা পর্ষদের সব সদস্যের অজ্ঞাতসারে একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র এই জালিয়াতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বর্তমানে দেশের বাইরে অবস্থানরত তারিন হোসেন তার নামে জমা দেওয়া কথিত আবেদনপত্রের সত্যতা ও উৎস অবিলম্বে তদন্ত করে যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এদিকে, গত ১৮ নভেম্বর দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন সংক্রান্ত বিষয়ে কয়েকটি গণমাধ্যমে ভুল ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। ওইসব প্রতিবেদনে তারিন হোসেনের রাজনৈতিক পরিচয়, পত্রিকার আর্থিক লেনদেন এবং পরিচালনা পর্ষদ নিয়ে মনগড়া ও বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে ইত্তেফাক কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, তথ্য যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়া এ ধরনের মিথ্যা ও বিকৃত সংবাদ প্রকাশ পেশাদার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। প্রকাশিত ভুল তথ্য দ্রুত সংশোধন এবং ভবিষ্যতে তারিন হোসেন ও দৈনিক ইত্তেফাক সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রকাশনা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।