বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ‘‘তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার আগেও সাংবাদিকদের আতঙ্কে থাকতে হতো। বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না, বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সংবাদমাধ্যমের সহযোগিতা চায়।’’
তিনি বলেন, ‘‘দেশের স্বার্থে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে এবং বিগত সরকারের আমলে অর্থনীতি ও ব্যাংকিং খাতে লুটপাটের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।’’
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও মতবিনিময়ে বক্তব্য রাখেন।
আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘‘তাদের এসব কর্মকাণ্ড রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এসব করে দলটি খুব একটা ফায়দা পাবে বলে মনে হয় না।’’
ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন-এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘‘নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।’’
বিগত আওয়ামী লীগ সরকারের অর্থনীতি ও ব্যাংকিং খাতের লুটপাটের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘‘গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জাতিকে পুরোপুরি বোঝাতে না পারা বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে।’’
শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকিং খাতের এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিদ্যুৎ খাতে অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমেও রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।



