কারাগারে পাঠানোর আদেশ, আদালতের কাঠগড়ায় কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ শুনে আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। রেলিং ধরে কাঁদতে কাঁদতে তিনি জানতে চান, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার অপরাধ কী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম আশরাফুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

বিকেল ৫টা ৪০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তায় জ্যোতিকে আদালতে আনা হয়। কাঠগড়ায় তোলার পর পুলিশ তার হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয়। হেলমেট খোলার পরপরই রেলিং ধরে কাঁদতে শুরু করেন তিনি।

দুই মিনিট পর, ৫টা ৪২ মিনিটে বিচারক এজলাসে আসেন। পুলিশ রিমান্ড চায়নি, আসামিপক্ষও জামিনের আবেদন করেনি। ফলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে এজলাস ত্যাগ করেন।

আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে আবারও কাঁদতে থাকেন জ্যোতি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এ কেমন আদেশ হলো? উনি তো আমার কোনো কথাই শুনলেন না। এটা কি আগে থেকে সাজানো ছিল? আমাকে কেন গ্রেপ্তার করা হলো, কোন মামলায়, কিছুই জানি না। কী অপরাধ আমার? সারা দিন পরিবারের কারও সঙ্গে কথাও বলতে দেওয়া হয়নি।” পরে কঠোর নিরাপত্তায় তাকে আদালত থেকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ।

কারাগারে আটক রাখার আবেদনে পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন। দরকার হলে পরে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা থানার সামনে গুলিবর্ষণের ঘটনায় করা। ২০২৫ সালের ৩ মে ভাটারা থানায় মামলাটি দায়ের হয়। এতে জ্যোতি ২১৬ নম্বর আসামি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আন্দোলন দমনে অর্থের জোগান দিয়েছিলেন।

এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভাটারা থানার সামনে এক দফা দাবিতে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিলেন। তখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে আন্দোলনকারীদের ওপর গুলি চালান বলে অভিযোগ। এতে বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি দীর্ঘদিন চিকিৎসা নেন।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মামলার ১০ থেকে ২৮৩ নম্বর আসামিরা ঘটনাস্থলে থেকে গুলি চালান, এবং তাদের কয়েকজন অর্থের জোগান দেন। সেই অর্থদাতাদের তালিকায় জ্যোতির নাম রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর “আলো আসবেই” নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কিছু কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীর আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

গ্রুপের সদস্য তালিকায় জ্যোতির নামও ছিল। তবে তখন ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে তিনি সেখানে তথ্য ও খবর জানাতেন। তিনি আরও বলেন, “কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না।“

২০২৩ সালে জ্যোতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ৫ আগস্টের পর কিছুদিন তিনি কর্মস্থলে যাননি। ১৭ সেপ্টেম্বর একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশ “আলো আসবেই” গ্রুপে যুক্ত থাকা ও আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে প্রতিবাদ জানান। একপর্যায়ে তাকে কর্মস্থল ছাড়তে হয়।

৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল হয়। পরদিন ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি দিয়ে জ্যোতি জানান, এভাবেই শেষ হলো তার প্রথম সরকারি চাকরি।

চলতি বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানকালীন অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। সেই তালিকাতেও জ্যোতির নাম ছিল।

২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে আসেন জ্যোতিকা জ্যোতি। পরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।