কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশাল নগরীর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর বৈদ্যপাড়া আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত 'তহুরা মঞ্জিল' নামের ওই বাসভবনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. রবিউল আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টা ৫৮ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছ থেকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন, তবে ততক্ষণে আগুন নিভে গিয়েছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জন যুবক এসে ভবনটির জানালার কাচ সম্পূর্ণ ভাঙচুর করে। একপর্যায়ে তারা নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসভবনের নিরাপত্তা প্রহরী জানান, তিনি নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। এ সময় খবর পান যে ৪০-৫০ জন যুবক এসে বাসার নিচতলায় আগুন দিয়েছে। পরে ফিরে এসে দেখেন ফায়ার সার্ভিস উপস্থিত হয়েছে এবং আগুন নিভে গেছে।
উল্লেখ্য, মেজর জেনারেল জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাকে গ্রেপ্তার করা হয়। অগ্নিসংযোগের শিকার ওই বাসভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ওই ভবনে থাকেন না।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।