রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় দলটি অভিযানে নামে।
অভিযানে উদ্ধার হয় একটি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, পাঁচটি স্টেইনলেস স্টিলের বল ও দুটি বুলেট। বিজিবি জানিয়েছে, আইনানুগ ব্যবস্থার জন্য এসব সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি আরও জানায়, কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার ঠেকাতে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করা হয়েছে। এসব রুটে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।