জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তার মা-বাবা। প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পরিবারটি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাফি জানান, পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে তার মা-বাবার ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন তার মা-বাবাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালিয়েছে। বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল, যাতে তা দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টেও ঘটনার বিবরণ তুলে ধরেন রাফি। সেখানে তিনি লেখেন, “রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোণায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।”
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যরা জেগে ওঠায় এবং তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসায় আগুন ছড়াতে পারেনি, তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।