পাবনার বেড়া পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “লকডাউন” কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া থানা ঘিরে বিক্ষোভ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা থানার প্রধান ফটকের বাইরে থেকে বিভিন্ন স্লোগান দেন। তবে তারা ফটক খুলে থানার ভেতরে প্রবেশ করেননি। এ ঘটনার একটি ভিডিও “পাবনা জেলা ছাত্রলীগ” নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান রাভা।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশিদুল ইসলাম। তিনি জানান, বিক্ষোভ মিছিলটি থানা-সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা ফটকের সামনে কিছুক্ষণ স্লোগান দিয়েছেন। তবে ঘটনাটিকে “থানা ঘিরে বিক্ষোভ” বলা সঠিক হবে না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, রাত ৮টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বেড়া পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংঘর্ষের সময় কয়েকটি দোকানঘরে আগুন দেওয়া ও ভাঙচুরের দৃশ্য দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি অগ্নিসংযোগ ও ভাঙচুরে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। সর্বশেষ পরিস্থিতি জানতে বেড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।