সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আতাউল হকের বিরুদ্ধে শ্যামনগর থানায় হত্যা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

আতাউল হক আওয়ামী লীগের শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামে।

এর আগের রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তুরাগ থানা এলাকা থেকে চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের পাশাপাশি এক দিনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট আরও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।