রাজধানীর মিরপুরে একটি ভবনের নিচতলায় কাপড়ের গুদামে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন পাঁচ বাসিন্দা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার প্যারিদাস রোডের ৩৩ নম্বর লেনের ৪ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে। রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অসুস্থ ব্যক্তিরা হলেন - ময়না আক্তার (৩৬), মঈন খান (১৫), ফাতেমা (৯), নাদিরা (৩০) ও ফাতেমা (৩০)। তারা ওই ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলার বাসিন্দা।
হাসপাতালে আসা নাদিরার স্বজন লাকি আক্তার জানান, ভবনটির মালিক গার্মেন্টসের ঝুট কাপড়ের ব্যবসা করেন। নিচতলার গুদামে এসব কাপড় রাখা ছিল।
তিনি বলেন, “রাত ৯টার দিকে গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে দ্বিতীয় ও চতুর্থ তলার পাঁচ বাসিন্দা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বলেন, “পাঁচজনেরই শ্বাসনালীতে ধোঁয়া প্রবেশ করায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তারা।”