সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে গেলে তিনি নিজেও এই বাসায় থাকেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, “ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”
তিনি আরও বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।”
আগুনের উৎস হিসেবে স্থানীয়রা পেট্রোলবোমা নিক্ষেপের দাবি করলেও পুলিশ বলছে, কাপড় বা কাগজজাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল।