মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পরিদর্শনকালে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে মিয়ানমার বাধ্য, অন্যথায় এর ফল ভালো হবে না।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় আশ্রিত রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। সফরকালে তিনি সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
পরিদর্শনকালে ড. খলিলুর রহমান বলেন, একটি বিশেষ সময়ে ও ঐতিহাসিক মুহূর্তে তিনি ক্যাম্পে এসেছেন। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় যে রায় দিয়েছেন, তা আদালতের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা।
রায় কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে মিয়ানমার বাধ্য; নইলে এর ফল ভালো হবে না। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যেন তারা পুনরায় নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, সেজন্য নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ ও পথ তৈরি করার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রত্যাবাসন হতে হবে এমন পরিবেশে, যেখানে তারা ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।
এ সময় ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচিয়েছেন এবং এ জন্য তারা কৃতজ্ঞ। তবে তারা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চান না; তাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।