আইসিজের রায়ে আবেগাপ্লুত রোহিঙ্গারা, দ্রুত বাস্তবায়ন ও প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। তারা এই রায়কে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। একই সঙ্গে রায়ের দ্রুত বাস্তবায়ন এবং নিজ জন্মভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে রায় ঘোষণার সময় ক্যাম্পে বড় পর্দায় তা সরাসরি দেখেন শত শত রোহিঙ্গা। এ সময় হারানো স্বজনদের নির্মম স্মৃতি মনে করে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

জানা গেছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনীর দমন-পীড়ন ও নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন লাখ লাখ রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে আশ্রয় নেওয়ার পর থেকেই স্বজনদের হত্যাসহ নানা নির্যাতনের বিচার দাবি করে আসছিলেন তারা।

রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। বৃহস্পতিবার ৯-৬ ভোটে আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেন। পাশাপাশি গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে দেশটির ব্যর্থতার বিষয়টিও উঠে আসে রায়ে।

রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন তারা এবং আইসিজের রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রেখে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে দেশে ফেরার পথ সুগম হবে বলে আশা করছেন তারা এবং আর কোনো টালবাহানা না শুনে নিজ জন্মভূমিতে ফিরতে চান।

এদিকে, কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইসিজের এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে উপস্থাপনের মিয়ানমারের বয়ানের বিরুদ্ধে এই রায় একটি শক্তিশালী আন্তর্জাতিক ভিত্তি তৈরি করেছে এবং এটি প্রত্যাবাসনের পথ সুগম করতেও সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।