বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম গালিব (১৮) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই শিক্ষার্থী।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নবেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, মনিরুল ইসলাম গালিব বগুড়া শহরের ঠনঠনিয়া নতুনপাড়ার মাহবুব হোসেনের ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
গালিব বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিলেন। এ সময় তিনি ধূমপান করছিলেন। মিশু (২১) নামে এক স্থানীয় যুবক ধূমপানের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ে দেখান এবং গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন। এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে মিশু ও বাবু ক্ষিপ্ত হয়ে গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় গালিবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১০টার দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মিশু, বাবু ও জিসান নামে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।