নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে একটি বিদেশি নম্বর থেকে কয়েকটি বার্তার মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।
ওসি আব্দুল হালিম জানান, বুধবার রাত ৮টা ৫৩ মিনিট থেকে ১১টা ১৩ মিনিট পর্যন্ত তার সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠানো হয়। সবগুলো বার্তা একত্র করলে তাতে পরিবার ও বংশ শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং ওই দিনের পর থেকে কোনো ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে পরিণতি ভোগ করার কথা বলা হয়। বার্তাগুলোতে জীবন ও নিজের চিন্তার কথা বলে অন্যায়ভাবে গ্রেপ্তার থেকে বিরত থাকার হুমকির পাশাপাশি ‘কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি’ বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে ওসি আব্দুল হালিম জানান, গত বুধবার রাতে একটি বিদেশি নম্বর থেকে ছাত্রলীগ ধরলে খবর আছে এবং কাফনের কাপড় রেডি করে রাখার হুমকি দিয়ে কয়েকটি ক্ষুদেবার্তা পাঠানো হয়। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
তবে হুমকিতে ভীত হওয়ার কিছু নেই উল্লেখ করে ওসি আব্দুল হালিম বলেন, নম্বরটি শনাক্ত করার জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী একটি অভ্যন্তরীণ নোট (জিডি) করে রাখা হয়েছে। এটি কোনো নিরাপত্তা সংক্রান্ত জিডি নয় বলে জানান তিনি; কারণ তার থানা এলাকার আড়াই লাখ মানুষের নিরাপত্তার দায়িত্বে তিনি নিজেই রয়েছেন।