কুষ্টিয়া শহরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, সুমন ও ভাঙারি দোকানদার রহুল আমিন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের মজমপুর রেলগেটে একটি ভাঙারির দোকানের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত সুমনের দাবি, তিনি সকাল থেকে বোতল ও জর্দার কৌটা কুড়িয়ে ব্যাগে ভরে একটি রিকশায় করে দুপুরে মজমপুর রেলগেটে আসেন। পরে পাশের ভাঙারির দোকানে কুড়িয়ে আনা জিনিসগুলো বিক্রি করতে যান। এ সময় ওই ব্যাগের ভিতর বিস্ফোরণ ঘটে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণে তাদের দুই পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “আহতরা ককটেল বহন করছিল বলে তাদের কাছে তথ্য রয়েছে। তারা এগুলো কুড়িয়ে পেয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”