গোপালগঞ্জের পরিস্থিতি ভালো, ভবিষ্যতেও শান্তি বজায় রাখার আহ্বান আইজিপির

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে এবং সামনেও ভালো থাকবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, "আগামীতে আপনাদের প্রতি আমাদের যেন কোনো এক্সট্রিম অবস্থায় যেতে না হয়, সেভাবেই থাকবেন আপনারা।"

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে পুলিশ, এসআরবি ও বিজিবি প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের ঘোষিত লাগাতার কর্মসূচি প্রসঙ্গে আইজিপি বলেন, "বাংলাদেশে এমন অনেক লাগাতার কর্মসূচি ঘোষণা হয়েছে। এর শেষ পরিণতি কী হয়, তা আপনারা জানেন। আমরা শান্তির পক্ষের লোক, আমরা শান্তি চাই।"

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আগুন দেওয়ার ঘটনা নিয়ে তিনি প্রশ্ন তোলেন, "থানাগুলো কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। এখন আপনাদের থানা যদি আপনারাই পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?"

পুলিশের কাজে জনসমর্থনের গুরুত্ব বোঝাতে আইজিপি বলেন, “দেশে আইন মান্যকারী নাগরিক না থাকলে এবং মানুষ পুলিশকে সহযোগিতা না করলে পুলিশের পক্ষে দায়িত্ব পালন সম্ভব নয়।“ উদাহরণ টেনে তিনি বলেন, "ধরেন এখানে ১০ লাখ মানুষ আছে, পুলিশ আছে ২০ জন। আপনাদের মানসিক সাপোর্ট বা সার্বিক সমর্থন না থাকলে তারা কাজ করতে পারবে না। আপনারা যদি মনে করেন এখানে পুলিশের দরকার নেই, তাহলে আইনশৃঙ্খলা আপনারাই মেইনটেইন করেন।"

থানায় আগুন দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নে আইজিপি বলেন, “জনগণ চাইলে সরকার অবশ্যই সেই সিদ্ধান্ত নেবে।“

আগামীতে আওয়ামী লীগের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “আইন ও সংবিধান অনুযায়ী যা যা প্রয়োজন, সবই করা হবে।“

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে আইজিপি, এসআরবি ও বিজিবির মহাপরিচালক গোপালগঞ্জ পরিদর্শনে যান। পরে আইজিপি জেলা পুলিশের কল্যাণসভায় অংশ নেন। জুমার নামাজ শেষে গোপালগঞ্জ সার্কিট হাউসে তিন বাহিনীর প্রধান বৈঠক করেন।