খেলতে গিয়ে ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে মুকিদ প্রতিবেশী আরও দুই শিশুর সঙ্গে বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের কাছে খেলছিল। খেলার একপর্যায়ে সে ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, “বাড়ির পাশের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ট্যাংকটিতে কোনো ঢাকনা ছিল না।“

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খেলার সময় শিশুটি সেপটিক ট্যাংকে পড়ে মারা যায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।“