সবজি চাষের জন্য মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের মর্টারশেল

খাগড়াছড়ি সদর উপজেলায় সবজি চাষের জন্য মাটি খোঁড়ার সময় একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শালবন এলাকার পল্লীটিলায় এটি পাওয়া যায় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।

মর্টারশেলটি পাওয়া বেলাল হোসেন জানান, বাড়ির পাশে সবজি চাষের জন্য মাটি খুঁড়ছিলেন তিনি। এ সময় মাটির প্রায় এক ফুট নিচে কোদালে শক্ত কিছু লাগে। মাটি সরিয়ে লোহার বস্তুটি তুলে তিনি বিষয়টি তার ভাই সেকান্দারকে জানান।

বস্তুটি কী, তা জানতে সেকান্দার সেটি নিয়ে বিভিন্ন জায়গায় যান। একপর্যায়ে গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর পাড়ে নিয়ে সেটি কাটার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটিকে মর্টারশেল হিসেবে শনাক্ত করে এবং আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।

ওসি কায় কিসলু বলেন, “মাটির নিচ থেকে ৮২ মিলিমিটারের একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে। এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা এখনো জানা যায়নি। শনিবার সকালে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল এটি পরীক্ষা করবে।“