বরগুনার আমতলীতে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে দুই যুবককে তুলে নিয়ে মারধরের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে। মারধরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত মো. বাতেন দেওয়ান আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের সদস্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী দুজন হলেন বউবাজার এলাকার হুমায়ুন কবির এবং তার চাচাতো ভাই রাকিব মিয়া।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হুমায়ুন কবিরকে লাঠি দিয়ে পেটাতে দেখা যায়। এ সময় তাকে দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের গালি দেওয়ানোর চেষ্টা করা হয়। আরেকটি ভিডিওতে তার কাছে জানতে চাওয়া হয়, মিছিলের জন্য টাকা নিয়েছেন কি না এবং কোন পথে মিছিল করতে গিয়েছিলেন। উত্তর দিতে না চাইলে তাকে গালাগাল ও মারধর করা হয়।
হুমায়ুনের পরিবারের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাতেন দেওয়ান হুমায়ুনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত হুমায়ুন টাকা দিতে রাজি না হওয়ায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বাতেন ও তার সহযোগীরা হুমায়ুনের বৃদ্ধ বাবা, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী প্যাদাকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের।
হুমায়ুনের বড় ভাই মো. মঞ্জু মিয়া জানান, ১০ নভেম্বর ছুটিতে বাড়ি ফেরেন হুমায়ুন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাতেন দেওয়ান ও তার লোকজন বউবাজার থেকে হুমায়ুন ও রাকিবকে তুলে নিয়ে যান। মারধরের পর তাদের ছাত্রলীগের সদস্য বলে পুলিশে দেওয়া হয়।
তিনি বলেন, “চাঁদা না দেওয়ায় তাদের পরিবারকে বারবার নির্যাতনের শিকার হতে হচ্ছে। আগে বাবাকে মারা হয়েছে, এবার ভাই ও চাচাতো ভাইকে তুলে নিয়ে নির্যাতন করে পুলিশে দেওয়া হলো।“
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, বাতেন দেওয়ান এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের মতে, কেউ অপরাধ করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়া যায়, কিন্তু তুলে নিয়ে নির্যাতনের অধিকার কারও নেই।
অভিযোগের বিষয়ে জানতে বাতেন দেওয়ানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, “কোনো অপরাধীর খোঁজ পেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত; আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়। দলের কেউ জড়িত থাকলে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।“
গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, হুমায়ুন কবির ও রাকিব মিয়াকে ছাত্রলীগের সদস্য দাবি করে ফাঁড়িতে হস্তান্তর করেন বাতেন দেওয়ান।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, “ফাঁড়ি থেকে দুজনকে থানায় আনার পর বিস্ফোরক আইনের মামলায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।“
আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন জানান, আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।