কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডে মৃত শাশুড়ির নামে চাল তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রায় সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আম্বিয়া বেগম নামের এক নারী। অভিযুক্ত মো. বাবলু মিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
অভিযোগসূত্রে জানা যায়, আম্বিয়া বেগম দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের বাসিন্দা। তার শাশুড়ি আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড ছিল, যার নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডে দুই-তিনবার চাল তোলা হয়। এরপর কার্ডটি স্বামী বা নিজের নামে করে দেওয়ার কথা বলে ইউপি সদস্য বাবলু মিয়া আম্বিয়া বেগমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ছবি ও মূল কার্ডটি নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, পরে তিনি আর কার্ডটি করে দেননি।
সম্প্রতি খাদ্য অফিসে গিয়ে আম্বিয়া বেগম জানতে পারেন, শাশুড়ির নামের কার্ডটি এখনো চালু আছে। পরে চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই কার্ডের চাল ইউপি সদস্য বাবলু মিয়াই তুলছেন। এতে গত সাড়ে তিন বছর ধরে সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।
আম্বিয়া বেগম বলেন, “সাড়ে তিন বছর আগে শাশুড়ি মারা যাওয়ার পর দুইবার চাল পেয়েছি। পরে মেম্বার বলেন, শাশুড়ির কার্ড বাতিল হয়েছে। স্বামী ও আমার ছবি এবং ভোটার আইডি দিলে নতুন কার্ড করে দেবেন। এ কথা বলে মূল কার্ডটি নিয়ে যান। পরে আর কার্ড করে দেননি। কয়েক দিন আগে খাদ্য অফিসে গিয়ে জানতে পারি, শাশুড়ির নামে কার্ডটি এখনো চালু আছে। ডিলারের সঙ্গে কথা বললে তিনি জানান, মেম্বার বাবলু মিয়া চাল তুলছেন। এরপর ১৬ নভেম্বর ইউএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছি। আমি মেম্বারের শাস্তি ও চালের ক্ষতিপূরণ চাই। সরকার যদি কার্ডটা করে দিত, তাহলে আমার অভাবের সংসার ভালোভাবে চলত।”
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. শফিকুল ইসলাম বলেন, “আমি এক বছর হলো ডিলারশিপ পেয়েছি। এই এক বছরে ইউপি মেম্বার আমার কাছে কার্ডটি নিয়ে এসে চাল তুলেছেন।”
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বাবলু মিয়া বলেন, “আমি আমেনা ও আম্বিয়া বেগমকে চিনি না। তারা আমাকে কোনো কাগজপত্র দেননি। সামনে ইউপি নির্বাচন, একটি মহল আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে। যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।”
এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ বলেন, “অভিযোগপত্র আমি হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই নারীকে আমার কাছে আসতে বলুন।”