অপ্রতিম হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (২১ নভেম্বর) মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, “মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। আসামিরা কারাগারে রয়েছেন। আগামী ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে শিশু আদালতে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার দায়রা জজ আদালতে।”

তিনি জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।