হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটি, ৭ বাস আটকে রেখেছে ইডেন কলেজ ছাত্রীরা

ঢাকায় চলাচল করা নীলাচল পরিবহনের স্টাফ কর্তৃক ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে পরিবহনটির সাতটি বাস আটক করে রেখেছে কলেজের ছাত্রীরা। 

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ইডেন কলেজের সামনের রাস্তা দিয়ে চলাচলকারী এসব বাস আটকে রাখে তারা। 

ইডেন কলেজ শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার ইডেন কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী কলেজের সামনে থেকে থেকে নীলাচল বাসে সাভারে যাওয়ার পথে হাফ ভাড়া দেন। এ নিয়ে বাসের হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় বাসের হেলপার ওই শিক্ষার্থীকে গাবতলী এলাকায় বাস থেকে নেমে যেতে বলেন এবং হাফ ভাড়া দেওয়ায় তাকে অপমানজনক কথা বলে কটূক্তি ও হেনস্তা করে। 

ঐ শিক্ষার্থী বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ইডেন কলেজ শিক্ষার্থীদের। 

শনিবার দুপুরে সরেজমিনে ইডেন কলেজের সামনে দেখা যায়, বাসগুলো রাস্তার পাশে আটক করে রাখা হয়েছে। ছাত্রীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।