পুলিশ: নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর বানোয়াট

নড়াইলের কালিয়া উপজেলায় দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। যদিও এরসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে ‎নড়াইল পুলিশ।
‎
শনিবার (২১ নভেম্বর) নড়াইল পুলিশ সুপারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সেতু গেটসংলগ্ন বটতলায় বিএনপির একটি মিছিলে হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪০) নিহত হন।
‎
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই কালিয়ার বেন্দারচর এলাকার বাসিন্দা। 
‎
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত ব্যক্তিদের ক্ষুব্ধ আত্মীয়স্বজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
‎
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,‎ বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের কোনো বসতি নেই। সেখানে হিন্দু পরিবারের বাড়িঘর কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ভিডিও ও তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

পূর্বের ঘটনার ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেছে পুলিশ।
‎
‎পুলিশ জানায়, হামলার খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।