সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। এ সময়ে মারা গেছেন ৫১৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৫৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৫৫, খুলনায় ২২৭, রাজশাহীতে ১৪৬, বরিশালে ১৪৫, ময়মনসিংহে ৯৩ এবং রংপুরে ৬৪ জন ভর্তি হয়েছেন।