ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন ডেঙ্গু রোগী মারা গেছে। এই একজন নিয়ে চলতি বছরে সরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৫০৮ জনে।
এছাড়া ডেঙ্গু নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন। এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৬১৭ জন রোগী।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।



