টেকনাফে শতাধিক বোমা ও অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম অভিযান ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এসময় দুটি অটোরিকশার চালককে আটক করা হয়। পাশাপাশি সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টরের অধীন ২ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আইইডি তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল বলে প্রাথমিক ধারণা বিজিবির। চক্রটি প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছে বলেও বিজিবি সূত্রে জানা গেছে।

উদ্ধার হওয়া আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি। 

আটক দুজনকে জিজ্ঞাসাবাদ এবং এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানও হয়নি।

রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল আনোয়ার উল আলম বলেন, “উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”