নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নড়াইল জেলার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, “নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জে নাশকতায় তার লোকজন জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি।”
পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।