দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির সামনে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

নিহতরা হলেন - ওই গ্রামের বকুলের স্ত্রী মিলি আরা (৩২) ও তার মেয়ে লিমু খাতুন (১৪)। বাড়ির সামনেই তাদের চা-বিস্কুটের দোকান।

প্রতিবেশী আবদুল আহাদ বলেন, “সকালে বৃষ্টির মধ্যেই দোকান খুলতে যান মিলি আরা। তবে বাড়ি থেকে সংযোগ নেওয়া বিদ্যুতের তার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে টিনের দোকানটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল।”

ধারণা করা হচ্ছে, মিলি দোকানের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ওসি মতিউর রহমান জানান, বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।