রংপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

রংপুরের বদরগঞ্জ উপজেলার দলুয়া গ্রামে চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) ভোরে বদরগঞ্জে উপজেলার দলুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মকবুল হোসেনের বাবার নাম সবুজ শেখ। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পলিপাড়া মৌলভী ডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার দলুয়া গ্রামে একটি মুরগির খামারের আশেপাশে ঘোরাফেরা করার সময় খামারের ম্যানেজার ও কর্মচারীরা মকবুল হোসেন নামে এক যুবককে আটক করে। পরে চোর সন্দেহে তাকে পেটান হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মকবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।