নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী এবং পরে বাড়িতে স্ত্রীর মৃত্যু হয়।
উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের সোলায়মান আলী ও তার স্ত্রী আফরোজা বেগম (৬৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য আফরোজা বেগম রান্নাঘরে গিয়ে গ্যাস লাইটার জ্বালান। এ সময় রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তিনি দগ্ধ হন। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে সোলায়মান আলী ছুটে গিয়ে স্ত্রীকে বাঁচাতে গেলে তিনিও দগ্ধ হন। ওই রাতেই দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান। সেদিনই তার মরদেহ এবং চিকিৎসাধীন আফরোজা বেগমকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সোলায়মান আলীকে দাফন করার পর বাড়িতে থাকা অবস্থায় রবিবার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে আফরোজা বেগমেরও মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, লোকমুখে বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি; অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।