ফরিদপুর সদরের তিনটি স্থানে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত ২৪ ঘণ্টায় জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর এলাকার একটি অব্যবহৃত অফিস ভবন, গেরদা ইউনিয়নের বাখুন্ডা বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং পাশের গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
রবিবার (২২ নভেম্বর) ভোররাতে বাখুন্ডা বাজারে গেরদা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ে আগুন ধরে গেলে স্থানীয়রা টের পেয়ে তা নিভিয়ে ফেলেন। বিষয়টি পুলিশকে জানানোর পর সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং পাশেই গ্রামীণ ব্যাংকের একটি অফিসে রাতের আঁধারে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
এদিকে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর এলাকায় একটি পরিত্যক্ত বোর্ড অফিসেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম জানান, অব্যবহৃত ওই বোর্ড অফিসে রাতের আঁধারে কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায়; তবে এতে তেমন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।
এসব ঘটনা প্রসঙ্গে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রতিটি ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং এ ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।