নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন

জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজার শাখায় ভাঙচুর করা হয়েছে

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হেয়। এছাড়া জানালার গ্লাস ভাঙচুর করেন যুবলীগের কর্মীরা এমন অভিযোগ পাওয়া গেছে ।

শুক্রবার (২০ নবেম্বর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। এতে অফিসটির একটা দরজা পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসব‘ এসব স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করে। মিছিলকারীদের হাতে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ লেখা একটি ব্যানার ছিল। যেখানে জেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের নাম লেখা ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের গেইটে যায় এবং সামনের দরজার বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন দেয়। একই সময় তারা অফিসটির বাইরের জানালার গ্লাস ভাঙচুর করে। আগুনে ওই দরজার কিছু অংশ পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, “খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”