কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের পাঁচ দিন পর সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেদোয়ান হোসেন রিফাত বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
পরিবার সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে থেকে নিখোঁজ ছিলেন রিফাত। তার কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরুত হাল প্রতিবেদন তৈরি করছি। তার মৃত্যুর কারণ জানতে পারিনি।”



