নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া কুমির গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা (ভররঞ্জিপাড়া) গ্রামের একটি পুকুরে জাল ফেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমির উদ্ধার করেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাফারি পার্ক কর্তৃপক্ষ কুমিরটিকে গাজীপুর সাফারি পার্কের কুমির বেষ্টনীতে এনে রাখেন।
নারায়াণগঞ্জের বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল জানান, প্রায় দুই মাস আগে তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পরে পুকুরে আর কুমিরটিকে দেখা যাচ্ছিল না। ১৭ নভেম্বর একই ইউনিয়নের প্রায় ২০০ মিটার দূরে পাতাকাটা (ভররঞ্জিপাড়া) গ্রামের পুকুরে স্থানীয় বাসিন্দারা কুমির দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেয়। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা পুকুরে জাল ফেলে কুমির উদ্ধার করেন।
তিনি আরও জানান, গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও গ্রামের একটি পুকুরে কুমির দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে খবর দেন। খবর পেয়ে ওই পুকুরে কুমির উদ্ধারে অভিযান চালালেও পাশের আরেকটি পুকুরে কুমিরটি চলে যায়। পরে কুমির শনাক্ত করতে না পেরে উদ্ধার করা সম্ভব হয়নি।
এর দুই মাস পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা পুকুর থেকে কুমির উদ্ধারে অভিযান শুরু করে। জাল ছিঁড়ে কুমিরটি বারবার বেরিয়ে বেরিয়ে যায়। পরে পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকেলে ৫টার দিকে বন বিভাগের কর্মীদের জালে কুমির আটকা পড়লে তারা উদ্ধার করে।
ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, “নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া কুমির ৮ ফুট লম্বা। দেশের সংরক্ষিত অঞ্চলে খুব অল্প পরিমাণে এই কুমির আছে। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বেশ দূরত্বে পুকুরটির অবস্থান। ওই পুকুরে কুমিরটি কিভাবে এলো তা তদন্ত করা হবে।”
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, “কুমিরকে রাত সাড়ে ১০টার দিকে পার্কে এনে কুমির বেষ্টনীতে রাখা হয়েছে। ওই বেষ্টনীতে আগে থেকেই একটি মাদী কুমির ছিল। নতুন আনা কুমিরটি পুরুষ। পূর্বের মাদী কুমিরটি পুরুষ সঙ্গী পাওয়ায় এখান থেকে প্রজননের সম্ভাবনা দেখা দিয়েছে।”



লোকালয়ে দেখা সেই কুমির উদ্ধার, নেওয়া হচ্ছে সাফারি পার্কে