বিজিএমইএ: পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার 

তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। 

রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজিএমইএর এক জরিপে দেখা গেছে, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। 

জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য বলছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার। 

জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকৃত ক্ষতির আংশিক চিত্র মাত্র। সংগঠনটির দাবি, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সংগঠনটির মতে, আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরিত হওয়াকে এ পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছে বিজিএমইএ।

দেশের অর্থনীতি এবং পোশাকশিল্পে নিয়োজিত লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে এ সংকট থেকে দ্রুত উত্তরণ জরুরি। শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।