সম্প্রতি নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও ধর্মঘটের কারণে গাজীপুরে দুইটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২১ নভেম্বর) ও রবিবার (২২ নভেম্বর) থেকে কারখানা দুটি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
বন্ধ ঘোষণা করা কারখানা দুটি হলো, জেলার শ্রীপুর উপজেলার বেতজুরি (নতুন বাজার) এলাকার এসরোটেক্স লিমিটেড এবং গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা (ভবানীপুর) এলাকার গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেড।
এসরোটেক্স লিমিটেড পোশাক কারখানার মানব সম্পদ (এইচ আর, এডমিন এন্ড কমপ্লায়েন্স) বিভাগের সহ-মহাব্যবস্থাপক রিফাত হোসেন স্বাক্ষরিত নোটিশে এ কথা জানানো হয়।
নোটিশটিতে আরও বলা হয়েছে, পরবর্তী কার্যক্রম সম্পর্কে যথা সময়ে জানানো হবে। তবে, কারখানার নিরাপত্তা বিভাগ ও ফায়ার সেইফটি বিভাগ বন্ধের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।
অপরদিকে, গ্রীণ ফাইবার কম্পোজিট লিমিটেড কর্তৃপক্ষ ২২ নভেম্বর (রবিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী কারখানার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে।