নারায়ণগঞ্জে দুটি পৃথক ঘটনায় যাত্রীবাহী বাসে ও ঝুটবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার স্টেডিয়াম এলাকায় সিএনজি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকা ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
এর আগে, রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের গিরিধারা এলাকার দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , দিবাগত রাত সোয়া ১২টার দিকে একটি অটোরিকশায় করে কয়েক ব্যক্তি সাইনবোর্ড এলাকায় আসেন। একপর্যায়ে তারা পার্কিংয়ে থাকা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। এ ঘটনায় বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।
বাস মালিক রাসেল জানান, বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত। রাতে কর্মীরা বাসটি রেখে বাসায় চলে যাওয়ার পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
অন্যদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার স্টেডিয়াম এলাকায় সিএনজি স্ট্যান্ডের সামনে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি পার্ক করে রাখা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ট্রাক চালক মামুন জানান, চট্টগ্রাম থেকে ট্রাকে করে পোশাক কারখানার ঝুট নিয়ে নারায়ণগঞ্জে এসেছিলেন। ভোর চারটার দিকে লিংক রোডের পাশে ট্রাক পার্কিং করে তারা ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন। আগুনে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাইনবোর্ডে বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে ঝুটবোঝাই ট্রাকে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুটি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। তবে সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।”