বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপরজন হলেন সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। এর মধ্যে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে গোলাম কিবরীয়া উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, রেলওয়ে পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক পূর্বাঞ্চল এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
মামলার অভিযোগে জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলে ২০০৯ ও ২০১০ সালে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ নিয়োগের বিপরীতে ৩৮ হাজার ৩১৭টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৪ হাজার ৪০২টি আবেদন গ্রহণ করা হয় এবং লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন প্রার্থী। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানো হয়েছিল। লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে কয়েকজন প্রার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল।
অনুসন্ধানে আরও উঠে আসে, নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও নিয়োগ দেওয়া হয় মাত্র পাঁচজনকে। নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া, আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়মে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।