তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মালিকপক্ষের প্রস্তাবিত টাকার অঙ্ক প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মালিকপক্ষের এই প্রস্তাবকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ এই প্রস্তাব পেশ করে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বেলা পৌনে ১২টায় সভা শুরু হয়। এর আগে বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।
বিকেল পৌনে ৫টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে। এখন শ্রমিক ও মালিক উভয় পক্ষই প্রস্তাবগুলো পর্যালোচনা করবে এবং প্রয়োজনে পুনরায় সংশোধিত প্রস্তাব দিতে পারবে। তিনি আরও জানান, আজকের সভা চলমান রয়েছে এবং প্রয়োজনে আগামীকাল মঙ্গলবারও সভা অনুষ্ঠিত হতে পারে।
ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মালিকপক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে তা শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়।
সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন। এ ছাড়া মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় অংশ নেন।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চার সদস্যের পরিবারের পুষ্টি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বিবেচনায় স্বাভাবিক জীবনযাপনে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজনের কথা তুলে ধরেন। তবে শিল্পের সক্ষমতা বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন তিনি।
অতীতের পাঁচটি মজুরি বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মালিকপক্ষ সাধারণত শ্রমিকপক্ষের দাবির অর্ধেক বা তারও কম মজুরি প্রস্তাব করে থাকে, যা পরবর্তীতে দর-কষাকষির মাধ্যমে কিছুটা বাড়ানো হয়। সর্বশেষ ২০২৩ সালে শ্রমিকপক্ষ ২০ হাজার ৩৯৩ টাকা দাবি করলে মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দিয়েছিল। এর প্রতিবাদে তিন সপ্তাহব্যাপী শ্রমিক আন্দোলনে চারজন শ্রমিক নিহত হওয়ার পর মালিকপক্ষ ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দেয় এবং সেটিই চূড়ান্ত হয়।