তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: ক্ষত শুকায়নি, অনিশ্চয়তায় বেঁচে ফেরা শ্রমিকেরা

চৌদ্দ বছর পেরিয়ে গেলেও আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনো তাড়া করে ফেরে বেঁচে যাওয়া শ্রমিকদের। কারও শরীরে আগুনের ক্ষত, কেউ হারিয়েছেন স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা; দীর্ঘ চিকিৎসার পরও অনেকের কর্মজীবনে ফেরা হয়নি। কারও দিন কাটছে অন্যের ওপর নির্ভর করে, কেউ সামান্য আয়ের আশায় ঘরে বসে সেলাইয়ের কাজ করছেন। ঘটনার পর সহযোগিতার আশ্বাস মিললেও আহত শ্রমিকদের অনেকের অভিযোগ, পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসন, কোনোটিই নিশ্চিত হয়নি।

২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের কারখানায় আগুন লাগে। ভবনের আটতলা থেকে ছড়িয়ে পড়া আগুনে প্রাণ হারান ১১৭ জন শ্রমিক এবং আহত হন দুই শতাধিক। আগুন থেকে বাঁচতে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো। কারখানার আশপাশের বাসিন্দাদের কাছেও দিনটি এখনো বিভীষিকাময় স্মৃতি হয়ে আছে।

তাজরীন কারখানায় আগুন লাগার দিন বাড়িতেই ছিলেন স্থানীয় বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব কামরুল হাসান। কাছাকাছি থাকায় আগুনের ভয়াবহতা খুব কাছ থেকে দেখেছেন তিনি এবং সে রাতে নিজের ঘরও আগুনে পুড়ে যায়। স্মৃতিচারণা করে কামরুল হাসান বলেন, প্রায় ১৫ বছর ধরে তিনি সেখানে থাকেন; ঘটনার সময় পাশে থাকায় তার ঘরও পুড়ে যায় এবং কিছুই বের করতে পারেননি। জীবনে বহু দুর্ঘটনা দেখলেও এত বড় দুর্ঘটনা দেখেননি উল্লেখ করে তিনি বলেন, মানুষের হাহাকার ও বাঁচার আকুতি, সারা রাত অ্যাম্বুলেন্সের আওয়াজ এবং মানুষ দেয়াল ও রডের ওপর লাফিয়ে পড়ার দৃশ্য এখনো তার চোখে ভাসে।

আরেক প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দাউদাউ করে জ্বলতে থাকা কারখানা দেখেছিলেন। তিনি বলেন, আগুনের তাপ আশপাশে ছড়িয়ে পড়ে, অনেকেই চালের ওপর লাফিয়ে পড়েন এবং পুড়ে মারা যান। ১৩-১৪ বছর পেরিয়ে গেলেও সেই বীভৎস দৃশ্য ভাবলে এখনো আঁতকে ওঠেন বলে জানান তিনি।

আগুন থেকে প্রাণে বেঁচে গেলেও অনেক শ্রমিকের জীবনে আর স্বাভাবিকতা ফেরেনি। কারও শরীরে স্থায়ী আঘাত, কারও চলাফেরায় সীমাবদ্ধতা রয়েছে। চিকিৎসার জন্য সাময়িক সহযোগিতা মিললেও পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পুনর্বাসন না পাওয়ার আক্ষেপ রয়েছে তাদের। জীবিকার তাগিদে কেউ কেউ পেশা পরিবর্তন করেছেন। আহত শ্রমিকদের দাবি, পরিত্যক্ত কারখানাটিতে আবার উৎপাদন কার্যক্রম চালু করে সেখানে তাদের জন্য কর্মসংস্থান, বাসস্থান কিংবা বিকল্প জীবিকার ব্যবস্থা করা হোক।

এমনই একজন সবিতা রানি। তাজরীন ফ্যাশনসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন তিনি; ঘটনার দিন ছিলেন তৃতীয় তলায়। সন্ধ্যায় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ফ্লোর। জীবন বাঁচাতে অন্যদের সঙ্গে তিনিও তৃতীয় তলা থেকে লাফ দেন এবং সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ চিকিৎসার পর পেটের দায়ে কাজে ফেরার চেষ্টা করেও আগের শারীরিক সক্ষমতা না থাকায় কারখানায় কাজ পাননি; পরে কয়েকজন আহত শ্রমিককে নিয়ে কারখানা চালুর উদ্যোগ নিলেও পুঁজির অভাবে তা সফল হয়নি।

সবিতা রানি জানান, অনেক কষ্টে একটি সেলাই মেশিন কিনে বাসায় টুকটাক সেলাইয়ের কাজ করলেও দিন খুব কষ্টে যাচ্ছে, ভারি কাজ করতে পারেন না এবং ব্যথার যন্ত্রণায় প্রতিদিন রাতে কেঁদে ঘুমান। পরিবারের ওপর বোঝা হয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনার পর সরকারের দেওয়া সহায়তা চিকিৎসার পেছনেই শেষ হয়ে গেছে; এখন আর সাহায্য নয়, ভালো ও সুস্থভাবে চলার জন্য ক্ষতিপূরণ চান তারা।

একই কারখানার সুইং সেকশনের শ্রমিক ছিলেন মুক্তাবানু; ঘটনার সময় তিনি ছিলেন চারতলায়। তাঁর অভিযোগ, সন্ধ্যা ৭টার দিকে অ্যালার্ম বেজে ওঠার পর আতঙ্কিত হয়ে নিচে নামতে চাইলেও সুপারভাইজাররা কিছু হয়নি জানিয়ে কাজে ফিরে যেতে বলেন এবং নিচে যেতে দেননি। দুই-তিন মিনিট পর বিদ্যুৎ বন্ধ হয়ে পুরো কারখানা অন্ধকার হয়ে গেলে স্যাম্পল রুমের লোহার টুল দিয়ে জানালা ভেঙে তাঁরা লাফিয়ে বাইরে আসেন।

লাফিয়ে পড়ার সময় শরীরের বাম পাশে গুরুতর আঘাত পান মুক্তাবানু। তিনি জানান, আগে কেবল কান ও মাথায় সমস্যা থাকলেও সময়ের সঙ্গে চোখ, নাক, ঘাড়, দাঁত, হাত-পা, কোমর ও পিঠেও সমস্যা বেড়েছে; স্বাভাবিকভাবে হাঁটাচলা, ওঠাবসা বা কাজ করতে পারেন না এবং অনেক সময় সন্তান বা স্বামীর সাহায্য নিতে হয়। রাজমিস্ত্রির জোগালি স্বামীর উপার্জনে কোনো রকমে দিন কাটছে জানিয়ে মুক্তাবানু বলেন, এক জীবনের সমতুল্য ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন ও মালিকের শাস্তির দাবি থেকে তাঁরা সরে আসবেন না।

তাজরীন অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারের জন্য সহায়তা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তাদের ভাষ্য, শারীরিক অক্ষমতার পাশাপাশি কর্মহীনতা ও দীর্ঘদিনের মানসিক ট্রমা আহত শ্রমিকদের জীবনকে আরও কঠিন করে তুলেছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে ১১৪ জনের বেশি শ্রমিক নিহত হয়েছেন এবং অসংখ্য শ্রমিক আহত ও পঙ্গুত্বের শিকার হয়েছেন। আহতদের অনেকে এখনো মানসিক ট্রমার মধ্যে রয়েছেন এবং বড় ভবন বা আগুন দেখলে আতঙ্কিত হন; তাদের প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা নিশ্চিত করা হয়নি। কারখানার মালিক দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় এ ঘটনাকে বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (বিজিএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী (বিন্দু) অগ্নিকাণ্ডটিকে পরিকল্পিত বলে অভিযোগ করেন। তিনি বলেন, মৃত শ্রমিকদের স্বজনরা ক্ষতিপূরণ পাননি এবং আহতরা সুচিকিৎসা ও সহযোগিতা পাননি; আগের সরকারের আমলে শ্রমিক হত্যার বিচার না হওয়ায় বর্তমান সরকারের কাছে তদন্ত ও বিচারের দাবি জানান তিনি। পাশাপাশি তাজরীন ফ্যাশনের পরিত্যক্ত জমিতে সরকারের অর্থায়নে শ্রমজীবী মানুষের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন অরবিন্দু বেপারী।