দাম্পত্য কলহের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে দুই শিশুসন্তান বাবাকে হারাল। এ ঘটনায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী মমতা বেগম (২৫) এখন কারাগারে রয়েছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আগে দায়ের করা হত্যাচেষ্টার মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুনের সঙ্গে চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মমতার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের অভিযোগ, গত ১৮ নভেম্বর ভোররাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনকে খাওয়ান মমতা। মামুন ঘুমিয়ে পড়লে তার মাথার পেছনে ও মুখমণ্ডলে পাথরের শিল দিয়ে একের পর এক আঘাত করা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় স্বামীকে ফেলে রেখে পালিয়ে যান স্ত্রী। গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর আত্মগোপনে থাকা মমতাকে গত ২০ নভেম্বর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন মামুনের মা বাদী হয়ে পুত্রবধূ মমতাকে আসামি করে মাধবপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস শনিবার (২১ নভেম্বর) বিকেলে মমতাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। সেখানে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দিতে মমতা দাবি করেন, বিয়ের পর থেকেই স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিতেন, এমনকি শিশুসন্তানকেও হত্যার হুমকি দিতেন। এতে অতিষ্ঠ হয়ে তিনি পাথরের শিল দিয়ে স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন।